কক্সবাজার: এক একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বপ্নগুলো পুড়ে ছাই হয়ে যাচ্ছে।
এবার কক্সবাজারের কুতুবদিয়ায় একটি অটোরিকশা গ্যারেজে আগুনে প্রায় ২৭টি বিটেক (ইলেকট্রিক) পুড়ে ছাই হয়ে গেছে। এটি শুধু সংখ্যা নয়, এক একটি পরিবার চালানোর শক্তি। মর্মান্তিক ঘটনাগুলো ঘটছে।
স্থানীয়দের মতে, এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আজ, শুক্রবার (১ মে) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের হায়দার আলী মিয়াজির পাড়া এলাকায় নেজাম উদ্দিনের মালিকানাধীন একটি গ্যারেজে এই আগুন লাগে। নেজাম উদ্দিন আবুল কাশেমের ছেলে বলে জানা গেছে।
আর আগুন ছড়াতে সময় লাগে না। মুহূর্তের মধ্যেই গ্যারেজে থাকা ব্যাটারিচালিত অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, নেজাম উদ্দিনের গ্যারেজে প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দেওয়া হতো এবং সেগুলো সেখানেই রাখা থাকত। এমনিতে তো কোনো সমস্যাই ছিলো না সেখানে।
এই অটোরিকশা চালিয়েই তাঁরা সংসার চালাতেন। অনেকে ধার-কর্জ ও ঋণ নিয়েও গাড়ি কিনেছিলেন। এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা আর্থিকভাবে মারাত্মক সংকটে পড়েছেন।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
গাড়ি ছাড়াও নগদ প্রায় ৬০ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্ট্যাম্প ও দলিলপত্র আগুনে পুড়ে গিয়েছে। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুতুবদিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুন লাগার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
