চট্টগ্রাম: তীব্র গরম আর আবহাওয়ার পরিবর্তনে চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে শিশুদের শ্বাসতন্ত্রের রোগ। যেমন হাম বাড়ছে, তেমনি নিউমোনিয়া বাড়ছে।

চিকিৎসকরা বলছেন, গরম বাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সংকট ঘনীভূত হচ্ছে।
চমেক হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে বর্তমানে তিল ধারণের ঠাঁই নেই।

ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক ও নার্সদের।

বিশেষজ্ঞরা বলছেন, হামের লক্ষণ থাকলে নিউমোনিয়ার ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়।

চট্টগ্রামে চলতি সপ্তাহে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

চলতি মাসে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ২৬ শিশুর মৃত্যু হয়েছে। জেলায় শনাক্ত হামের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জনে।

মৃত্যু, শনাক্তের সংখ্যা হয়তো আরো বেশিই হবে।

হামের উপসর্গ নিয়ে আসা শিশুর সংখ্যা বাড়তে থাকায় বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ‘হাম কর্নার’ মেডিসিন ইউনিটের ১ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।

শিশুরা ভীষণ কষ্টে আছে। নিউমোনিয়া থেকে শিশুদের রক্ষা করতে অতিরিক্ত রোদে না যাওয়া, ঠান্ডা কোনো জিনিস না খাওয়া এবং জ্বর ও সর্দি হলে চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

মার্চের চতুর্থ সপ্তাহ থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৩৩দিনে হামের উপসর্গ নিয়ে ৫৩৩ শিশু চট্টগ্রামের হাসপাতালগুলোতে ভর্তি হয়।

এরমধ্যে গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচদিনে মোট ১৭০ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *