সিলেট: হামে মৃত্যুর সংখ্যা আবারো বাড়ছে। কয়েকদিন মৃত্যুশূন্য থাকার পর সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুদের মৃত্যু হয়।
শনিবার (১৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর। এই নিয়ে সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৯৯ জনে।
মৃতদের মধ্যে সিলেট জেলার ৩৫ জন, সুনামগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ১২ জন আর হবিগঞ্জে ৮ জন রয়েছেন।
তথ্য বলছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯৭ জন রোগী।
এর মধ্যে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১০১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৩ জন ভর্তি আছেন।
