ঢাকা: দেশে হামের উপদ্রব থামছেই না। প্রতিদিন বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর মিছিল। তথ্য বলছে, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে আরও ১ হাজার ৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
আজ, মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
হিসেব বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এই নিয়ে সারা দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে মোট ৭০২টি শিশুর।
এবং হামে আক্রান্ত হয়ে আরও ৯৫টি শিশু মারা গিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৯৭টি শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা হচ্ছে ১ লাখ ১৯ হাজার ৪৪৮, এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৮।
