ঢাকা: দেশে হাম কমার কোনো লক্ষণ নেই। বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। আর এতে করে গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১০৩৭ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম ধরা পড়েছে ১৩৩ জনের।
এ নিয়ে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪১ জনে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ পাওয়া গেছে ৯০৪ জনের শরীরে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে মোট ১ লাখ ২০ হাজার ৩৫২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৭৮ জন। তাঁদের মধ্যে ৯৯ হাজারের বেশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
