ঢাকা: বিশেষ টিকাদান কর্মসূচি শেষ হওয়ার দুই মাস পরেও হাম পরিস্থিতি যেমন ছিলো তেমনই আছে। কোনো উন্নতি নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখনো প্রতিদিন গড়ে এক হাজারের বেশি শিশু হাম এবং হামের উপসর্গে আক্রান্ত হচ্ছে এবং প্রতিদিন তিনজনেরও বেশি শিশুর মৃত্যু হচ্ছে।
শিশুরা প্রতিদিন পৃথিবী ছেড়ে যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. হালিমুর রশিদ বলেন, ‘আমাদের ক্যাম্পেইন শেষ হয়েছে এবং সে অনুযায়ী রোগী ও মৃতের সংখ্যাও কমে আসছে। তবে পরিস্থিতি কবে নাগাদ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না।’
উল্লেখযোগ্য যে, এখন পর্যন্ত হামে ৮০০-র বেশি মৃত্যু হয়েছে।
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জন শিশুর মৃত্যু হয়েছে।
এতে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮১০ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৭১৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ১৫ মার্চ থেকে ২৪ জুলাই পর্যন্ত নিশ্চিত হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
