ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৭৯৮ শিশু।
আজ, শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে হাম শনাক্ত হয়েছে ৭০ শিশুর শরীরে। এ ছাড়াও হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে আরো ৭২৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮০৩ শিশু।
আর এই একই সময়ে নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরো ৯৯ অবলা শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৯০২ শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা হাজার ছুঁতে আর দেরি নেই।
