ঢাকা: দেশে প্রতিদিন শিশু মারা যাচ্ছে হামে। হামের উপসর্গে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে মোট ১১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
আজ, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে দুইজন মারা গিয়েছে।
তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৯৭৯ জনের। এর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এ ছাড়াও হামের উপসর্গ নিয়ে ৮৮০ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ১ লাখ ৫৯ হাজার ১৫০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এই একই সময়ে ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
