ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। তবে বলা হচ্ছে, এই সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে। এই হিসাব শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই নিয়ে চলতি বছর হাম ও উপসর্গে ১ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০২ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন এবং রংপুর বিভাগে একজন মারা গেছে।
তথ্য বলছে, এই একই সময়ে নতুন করে ১ হাজার ২১৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এই নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন।
