ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে আরও ছয়জন শিশুর মৃত্যু হয়েছে।
এই একই সময়ে ১ হাজার ৩২৫ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে এবং পরীক্ষায় ৭৭ শিশুর শরীরে নিশ্চিত হাম ধরা পড়েছে।
তবে তথ্য বলছে, এই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে মারা যাওয়া ছয়জন শিশুর মধ্যে চারজন হচ্ছে ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন খুলনা বিভাগের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ১৪৮ শিশু শনাক্ত হয়েছে।
এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ১৫০ শিশুর। এই সময়ে সন্দেহজনক হামে মোট ১ হাজার ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মারা গেছে ১০৫ শিশু।
হিসেব বলছে, এখনো পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ শিশু।
