ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূ-কম্পন অনুভূত হয়েছে।
বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে ভূ-কম্পনটি অনুভূত হয়।
রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫.২। কম্পন অনুভূত হয়েছে অসমের গুয়াহাটিতেও। উত্তর-পূর্বের অন্যান্য রাজ্যেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গেছে। কেঁপে ওঠে নাগাল্যান্ড, মেঘালয়ও।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রের খবর, মঙ্গলবার ভারতীয় সময় ভোর ৫টা ৫৯ মিনিট ৩৩ সেকেন্ডে মণিপুরে হয় এই ভূমিকম্প। মাটির প্রায় ৬২ কিমি গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল মণিপুরের কামজং এলাকা।
সকাল সকাল বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। তবে এখনও কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।
ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশ বড় কোনো সক্রিয় চ্যুতিরেখার ওপর না থাকলেও মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের ভূমিকম্পপ্রবণ অঞ্চলের নিকটবর্তী হওয়ায় প্রায়ই এসব এলাকার ভূমিকম্পের প্রভাব দেশে অনুভূত হয়।
