ঢাকা: “এআইয়ের অপব্যবহার ডেকে আনতে পারে ১০০ কোটি মানুষের মৃত্যু!” এটি বিল গেটসের চাঞ্চল্যকর সতর্কবার্তা।

কৃত্রিম বুদ্ধিমত্তা যত দ্রুত শক্তিশালী হচ্ছে, বিজ্ঞানের অগ্রগতির পাশাপাশি ততই জোরালো হচ্ছে এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে উদ্বেগ।

সম্প্রতি মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) উন্নত এআই প্রযুক্তির অপব্যবহার নিয়ে এক ভয়াবহ আশঙ্কার কথা প্রকাশ করে বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন।

বিল গেটস বলেছেন, উন্নত এআই এমন ঘটনাও ঘটাতে পারে, যাতে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে।

এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে গেটস বলেন, ‘এআই অবশ্যই এমন ঘটনা ঘটানোর মতো শক্তিশালী, যার ফলে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে।’

গেটসের আশঙ্কা, উন্নত এআই প্রযুক্তি খারাপ উদ্দেশ্যসম্পন্ন ব্যক্তি বা গোষ্ঠীর হাতে চলে গেলে এর অপব্যবহার ভয়াবহ ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে এআই কোম্পানিগুলোর ওপর সরকারি নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

গেটস বলেন, এআইয়ের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা ও নজরদারি প্রয়োজন, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও নীতিনির্ধারকদের আলোচনায় যুক্ত হতে হবে।

মূলত, গেটসের আশঙ্কার মূল জায়গা এআই প্রযুক্তি নিজে নয়; বরং অসৎ উদ্দেশ্যে সাইবার হামলা, কৃত্রিম জৈব-অস্ত্র তৈরি কিংবা গবেষণার মারাত্মক অপব্যবহারের ঝুঁকি।

আগুন দিয়ে রান্নাও করা যায়, যজ্ঞও করা যায়, আবার গোটা শহর জ্বালিয়েও দেওয়া যায়— সবই নির্ভর করে ব্যবহারকারীর ওপর। এআই-এর ক্ষেত্রেও নিয়ামক যেন থাকে মানবকল্যাণ এবং কঠোর সুরক্ষাবিধি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *