নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় মাছের বারবিকিউ পার্টিতে ঘটে গেলো বড়সড় বিপত্তি । বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে তৈরি ‘ঝাক্কাস’ নামের একটি পানীয় সেবনের পর মোহাম্মদ সাকিব (২২) নামে এক যুবক মারা গিয়েছে।
এতে আরও চারজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।
তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পারা গিয়েছে। বাকি তিনজন নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাকিব মারা যায় শনিবার।
সাকিব উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব লক্ষ্মীনারায়ণপুর গ্রামের মুসলিম কলোনির মৃত এফরান মিয়ার ছেল।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, এক বন্ধু বিদেশ থেকে আসায় আনন্দে শুক্রবার (২ অক্টোবর) রাত ১১টার দিকে কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিলা কলেজের পূর্ব পাশে খালপাড় এলাকায় মিলনের বাড়িতে স্থানীয় কয়েকজন যুবক মিলে মাছের বারবিকিউ পার্টির আয়োজন করেছিলো।
কিন্তু এদের আনন্দ তো মদ ছাড়া হয়নি। এভাবে পার্টি না করলে এই অঘটন ঘটতো না।
পার্টিতে তারা মদের সঙ্গে বিভিন্ন মাদকদ্রব্য মিশিয়ে ‘ঝাক্কাস’ নামে একটি পানীয় তৈরি করে সেবন করে। পরে রাতের খাবার ও আড্ডা শেষে বাড়িতে চলে যায়।
পরদিন শনিবার ভোর ৫টার দিকে সাকিবসহ পাঁচজনই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রথমে তাদের স্থানীয় চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন।
কিন্তু সাকিব ও মো. টিপুর (২৫) শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। ১১টার দিকে তাদের নোয়াখালীর প্রাইম হসপিটাল প্রাইভেট লিমিটেডে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।
