ঢাকা: ঢাকার কলাবাগান থানার উপ-পরিদর্শক রাকিবুল হাসান সরকার হঠাৎ নিখোঁজ। কোথায় গেলেন তিনি? নাকি কোনো অঘটন ঘটলো তাঁর সাথে? অঘটন ঘটাও কী খুব অস্বাভাবিক?
রাষ্ট্রযন্ত্র দ্রুত নড়ে উঠেছে। থানায় জিডি হয়, সারাদেশে রেড এলার্ট, প্রশাসনের তৎপরতা সবই যেন চোখে পড়ার মতো দ্রুততা আর গুরুত্বের বহিঃপ্রকাশ।
একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিখোঁজ এটি অবশ্যই গুরুতর, উদ্বেগজনক, এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন, এ নিয়ে কোনো দ্বিমত নেই।
কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। এই রাষ্ট্র কি সবার জন্য সমানভাবে জাগ্রত?
৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতার ঘটনা ঘটেছে। যেভাবে ৫ আগস্টে পুলিশ মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, সেই পুলিশ হত্যার বিচার এখনো হয়নি।
মব ভায়োলেন্স, বাড়িঘর ভাঙচুর, লুটপাট, হত্যাকাণ্ড কি না হয়েছে দেশে? এবং এখনো হয়ে চলেছে। তবে জনগণের ক্ষেত্রে যখন অপরাধ হয় তখন দেশে কোনো তৎপরতা দেখা যায় না।
রাষ্ট্র যদি কেবল নির্দিষ্ট ঘটনার ক্ষেত্রে সক্রিয় হয়, আর অন্য ক্ষেত্রে নীরব থাকে, তাহলে তা শুধু প্রশাসনিক দুর্বলতা নয় এটি ন্যায়ের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে।
রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকারকে (৩২) খুঁজে পাওয়া যাচ্ছে না। এটি উদ্বেগজনক খবর অবশ্যই।
গত মঙ্গলবার বিকেলে সাধারণ পোশাকে ব্যারাক থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ হন। আর পাওয়া যাচ্ছে না তাঁকে।
পুলিশ জানায়, রাকিবুলকে সর্বশেষ গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দেখা গিয়েছিল।
রাকিবুল কাঠালবাগান এলাকার ব্যারাক থেকে রাতে থানায় ডিউটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। কিন্তু তিনি থানায় পৌঁছাননি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ। কোনো যোগাযোগ নেই। ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এসআই রাকিবুল হাসান মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রাত্রিকালীন ডিউটির কথা বলে কলাবাগান থানা ভবনের ব্যারাক থেকে সাদাপোশাকে বের হন। পরে চা খেয়ে আবার ব্যারাকে ঢোকেন।
নাইট ডিউটি আছে বলে রাত পৌনে আটটার দিকে আবার সাদাপোশাকে ব্যারাক থেকে বের হন। এরপর আর কোনো খোঁজ নেই। পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে এই ঘটনায়।
