চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। তিনি কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের অধ্যাপক।
সোমবার তথা২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো: সুলতান আহমেদ।
উক্ত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩’-এর ১০ (১) ধারা অনুযায়ী তাঁকে আগামি ৪ (চার) বছরের জন্য এই পদে নিয়োগ করা হয়েছে।
তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের তারিখ পর্যন্ত এই দায়িত্বে বহাল থাকবেন।
এদিকে, নতুন উপাচার্য নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ শুরু করেন চুয়েটের শিক্ষার্থীরা।
কয়েকজন শিক্ষার্থী জানান, সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে সোমবার রাতেই মিছিল-সমাবেশের কর্মসূচি নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় চুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।
চুয়েটের মেটারিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ মাহমুদ সাজিদ বলেন, অধ্যাপক সায়েম চুয়েটের শিক্ষক এবং শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়।
তাঁর দাবি, নিয়োগের পর থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা অধ্যাপক সায়েমকে ‘আওয়ামী লীগের দালাল’ ও ‘ফ্যাসিবাদের দোসর’ বলে আখ্যা দিয়ে আসছিলেন। শেষ পর্যন্ত তাঁকে অপমানজনকভাবে অপসারণ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
