ঢাকা: ঢালিউড অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে কিছুদিন ধরেই চলছিলো নানান গুঞ্জন আলোচনা।
তবে এবার আর আলোচনা নয়, নির্দিষ্ট একটি তারিখ যুক্ত হলো। একাধিক সূত্রের দাবি, আগামি ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে অভিনেত্রী পূজা চেরির।
তবে পূজা চেরির বিয়ের আয়োজন কোথায় হবে, পাত্র কে বা অনুষ্ঠানের আরো বিস্তারিত বিষয় নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।
এর আগে চলতি বছরের মার্চে এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি ‘এনগেজড’।
এবং তিনি এও স্পষ্ট করেছিলেন, তার জীবনসঙ্গী মিডিয়া অঙ্গনের কেউ নন। যদিও সাসপেন্স রেখে বিয়ের তারিখ কিংবা হবু জীবনসঙ্গীর পরিচয় প্রকাশ করেননি তিনি।
এরপর গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে পূজা চেরির বিয়ে হয়ে গেছে- এমন খবর। বিষয়টি নিয়ে পরে মুখ খোলেন অভিনেত্রী। তিনি জানান, তার এখনো বিয়ে হয়নি। পাশাপাশি বিয়ে হলে তা গোপন রাখবেন না।
অবশেষে তারিখটি সামনে এলো। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ওই দিনই পূজা চেরীর বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা।
পূজা চেরি মূলত শিশুশিল্পী হিসেবে অভিনয়ে যাত্রা শুরু করেন। পরবর্তীতে ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকের মন কাড়েন।
