কুমিল্লা: আবারো ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটলো। কুমিল্লার দাউদকান্দি উপজেলাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাতজনের প্রাণ গেলো। এই বাংলাদেশে কখন যে কার প্রাণপাখি উড়ে যাবে তা কেউ বলতে পারে না।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন, যাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার হাসানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ঘটনা সম্পর্কে জানায়, দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। ট্রাকটিতে যারা ছিলেন তাঁরা সবাই ধান কাটার শ্রমিক। ঘটনাস্থলেই সাতজন মারা যান।
নিহতরা হলেন—আবজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), আবু সালেক (৪২), সুমন মিয়া (২১), বিষু মিয়া (৩৪), আবু হোসেন (২৯) এবং আবদুর রশিদ (৫৮)।
দুর্ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁদের প্রত্যেকের বাড়ি দিনাজপুর জেলায়।নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
যারা আহত হয়েছেন, তাঁরা হলেন—আমির আলী, তরিকুল ইসলাম, জালাল হোসেন, মো. আমিনুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, একজনের নাম জানা যায়নি।
