ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আগামি ২৮ এপ্রিল থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে।তবে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে আরও ২ মাস সময় লাগতে পারে।
বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না।
তবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন আশা প্রকাশ করেন, জুলাইয়ের শেষে বা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেইসঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে।
রূপপুর কেন্দ্রটি ১০ বিলিয়ন ডলারে বসাচ্ছে রুশ প্রতিষ্ঠান রোসাটম।
আওয়ামী লীগ সরকার আমলে এ নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি হয়। চুক্তির ১০ বছর পর রোসাটম এ কেন্দ্রের কাজ শেষ করতে যাচ্ছে।
২ হাজার ৪০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট আপাতত উদ্বোধন হচ্ছে।
