চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সিঙ্গাপুরের পতাকাবাহী কার্গো জাহাজ ক্রিমসন গ্রেস থেকে পড়ে নিখোঁজ হয়ে গেছেন মোহাম্মদ ইয়াসিন (৫০) নামে এক নাবিক।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে নিখোঁজ নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ড। উদ্ধার অভিযানে নৌবাহিনীর দুটি জাহাজ ও সোয়াডসের সদস্যরা অংশ নিয়েছেন।
ঘটনাটা মর্মান্তিক।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার জন্য উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধারের।
জানা গেছে, ৫ আগস্ট আর্জেন্টিনা থেকে পণ্য নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছায়। রবিবার দুপুরে জাহাজটি থেকে ওই নাবিক পানিতে পড়ে নিখোঁজ হয়ে যান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, ‘ইয়াসিন পানিতে পড়ে নিখোঁজ হওয়ার পরপরই নৌবাহিনী ও কোস্ট গার্ডকে উদ্ধারের জন্য জানানো হয়েছে। আশপাশের জাহাজগুলোকে সতর্ক করতে এবং তল্লাশি অভিযানে সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের রেডিও থেকে নিয়মিত ভিএইচএফ বার্তাও প্রচার করা হচ্ছে।’
