চট্টগ্রাম: চট্টগ্রামের বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ। মারাত্মক বিপদে পড়েছে জনগণ।
এই বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সমস্ত জেলার এদিন, শনিবারের (১১ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা বিষয়ে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার শনিবারের নির্ধারিত এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
তবে অন্যান্য শিক্ষা বোর্ডের পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চট্টগ্রাম বোর্ডের অধীন জেলার বাইরে অন্যান্য জেলার শনিবারের পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্থগিত হওয়া পরীক্ষার পরের সময়সূচি জানিয়ে দেয়া হবে।
