রংপুর: মারা গেছেন আওয়ামী লীগ নেতা মোঃ হাসান রফিকুল হক চৌধুরী হারুন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সাবেক সহ-সভাপতি মোঃ হাসান রফিকুল হক চৌধুরী হারুন চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন।
শেখ হাসিনা বলেন, “রংপুরের এই সৎ, পরোপকারী ও পরিশ্রমী নেতার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত মোঃ হাসান রফিকুল হক চৌধুরী হারুন ছাত্রজীবন থেকে আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিলেন।
জীবদ্দশায় সন্ত্রাস-সাম্প্রদায়িকতা, সামরিক শাসন বিরোধী এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সকল গণতান্ত্রিক আন্দোলনে অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেছেন। দেশ, মানুষ ও দলের জন্য তাঁর অবদানকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
তাঁর মতো অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার গণতান্ত্রিক ও মহৎপ্রাণ রাজনীতিকের অভাব পূরণ হবার নয়। দেশ ও মানুষের এই চরম প্রতিকূল সময়ে তাঁর মতো সংগঠকের খুব বেশি প্রয়োজন ছিল।
ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত সাধারণ জীবনযাপন, পরোপকারী এবং একজন কর্মীবান্ধব রাজনীতিক হিসেবে রংপুরবাসীর কাছে সমাদৃত ছিলেন। এই সব মহৎগুণের জন্য রংপুরের মানুষের কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন বলে আমার দৃঢ় বিশ্বাস”।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন শেখ হাসিনা।
মৃত্যুকালে মোঃ হাসান রফিকুল হক চৌধুরী হারুনের বয়স হয়েছিল ৬২ বছর।
এই সংসারে তিনি স্ত্রী ও দুই পুত্র, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
