বরিশাল: বিশ্বের অন্যতম বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব — বরিশাল মহাশ্মশান।
বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সনাতন সংস্কৃতির এক অনন্য নিদর্শন বরিশালের ঐতিহ্যবাহী কাউনিয়া মহাশ্মশান।

প্রায় ২০০ বছরের প্রাচীন এই মহাশ্মশানজুড়ে প্রতিবছর পালিত হয় ঐতিহ্যবাহী শ্মশান দীপাবলি উৎসব। সনাতনীরা ভক্তিভরে পুজো করেন এখানে।

কালীপূজার আগের দিন পবিত্র ভূত চতুর্দশী তিথি পালন করেন হিন্দু ধর্মের লোকেরা। তখন হাজারো প্রদীপ, মোমবাতি ও ফুলের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো মহাশ্মশান।

নানা রঙের ফুলে ফুলে সুন্দর করে সাজানো হয়েছিল প্রয়াত স্বজনদের সমাধিগুলো। কেউ প্রদীপ জ্বালিয়ে নীরবে প্রার্থনা করেছেন, স্মরণ করেছেন পূর্বপুরুষদের ড় তাঁদের আত্মার শান্তি কামনা করেছেন।

এভাবেই ধর্মীয় ভাবগাম্ভীর্য, নানা আচার-অনুষ্ঠান ও প্রিয়জনদের স্মৃতিচারণের মধ্য দিয়ে শনিবার (৭ নভেম্বর) রাতে বরিশাল মহাশ্মশানে উদযাপিত হলো উপমহাদেশের বৃহত্তম শ্মশান দীপাবলি উৎসব।

গত ১৯৯ বছর ধরে ঐতিহ্যবাহী এই শ্মশানে এভাবেই মহাসমারোহে পালিত হয়ে আসছে শ্মশান দীপাবলি।

পবিত্র এই দিনটি উপলক্ষে বাংলাদেশ ছাড়াও প্রতিবেশী দেশ ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পুণ্যার্থী এবং দর্শনার্থী এই মহা শ্মশানে এসে সমবেত হন।

আয়োজকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এবারের এই উৎসবে প্রায় এক লাখ মানুষের সমাগম ঘটেছে।

উল্লেখযোগ্য যে, বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া ও নতুন বাজার এলাকায় প্রায় ছয় একর জমির ওপর বিস্তৃত প্রাচীন এই মহাশ্মশানে ৭০ হাজারের বেশি পাকা স্মৃতিমঠ আছে।

জানা ভালো, ঐতিহাসিক এই শ্মশানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন বাংলার বিখ্যাত কবি জীবনানন্দ দাশের বাবা সত্যানন্দ দাশ ও পিতামহ সর্বানন্দ দাশ। এ ছাড়া এখানে সংরক্ষিত রয়েছে খ্যাতনামা রাজনীতিবিদ ও সমাজসেবক অশ্বিনী কুমার দত্তের চিতাভস্মও।

১৯২৭ সাল থেকে এখানে দীপাবলি উৎসব উদযাপনের তথ্য পাওয়া যায়।

এটি শুধু একটি উৎসব নয়, এটি ইতিহাস, আবেগ, বিশ্বাস ও ঐতিহ্যের এক অনন্য মিলনমেলা।

বরিশালের গর্ব, বাংলার ঐতিহ্য — বরিশাল মহাশ্মশান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *