ঢাকা: জীবনের ইনিংসে এসে সবাইকে হার মানতে হয়। প্রকৃতি যখন যা চায় তাই হয়।
মারা গেলেন কিংবদন্তী ক্রিকেটার স্যার গ্যারফিল্ড (গ্যারি) সোবার্স। তিনি ছিলেন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী।
বার্বাডোজে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
তাঁর মৃত্যুতে শোকে মূহ্যমান গোটা বিশ্ব। গোটা বিশ্ব তাঁকে চেনে স্যর গ্যারি সোবার্স নামে।
টেস্ট ক্রিকেটে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। পাশাপাশি বাঁহাতি অর্থোডক্স স্পিন ও রিস্ট স্পিনও করতেন। সঙ্গে ফিল্ডার হিসাবে ছিলেন দুর্ধর্ষ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন সোবার্স। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে। ৫৭.৭৮ ব্যাটিং গড়ে ৮০৩২ রান করেছিলেন তিনি। এবং সেই সঙ্গে ৩৪.০৩ বোলিং গড়ে নিয়েছিলেন ২৩৫ উইকেট।
তাঁর মৃত্যুর খবর জানিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক্স হ্যান্ডলে লিখেছে, ‘দারুণ একটা ইনিংস শেষ হল। স্যর গ্যারফিল্ড সোবার্স আমাদের হৃদয়ে থাকবেন, আজ, চিরকাল।’
ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং- তিন বিভাগেই অসাধারণ দক্ষতার কারণে সোবার্সকে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়।
অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান একবার তাঁকে বলেছিলেন, ‘ফাইভ-ইন-ওয়ান ক্রিকেটার।’
মাত্র ১৬ বছর বয়সে ১৯৫৩ সালে ভারতের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় সোবার্সের। এক বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক করেন।
ক্যারিয়ারের শুরুতে মূলত বোলার হিসেবে খেললেও, ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনের সাবিনা পার্কে খেলেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংস।
