পঞ্চগড়: সড়ক দুর্ঘটনায় চলে যাচ্ছে তাজা প্রাণগুলো!
পঞ্চগড়ের বোদা উপজেলায় যাত্রীবাহী থ্রি-হুইলারকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। সেটি দুমড়েমুচড়ে সড়কের পাশের একেবারে ধানখেতে ছিটকে পড়ে।
এ দুর্ঘটনায় এক গণমাধ্যমকর্মীর স্ত্রী ও আট বছর বয়সী মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় পাঁচজন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের কৈকিল্লা দিঘী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ধারা নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক আলী আজগর খোকনের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাঁদের আট বছর বয়সী মেয়ে আল আকসা সুমাইয়া সম্প্রীতি এবং দেবীগঞ্জ উপজেলার পামুলী এলাকার বাসিন্দা প্রমিলা রানী (৩০)।
মাহমুদা ও তাঁর মেয়ে রংপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। প্রমিলা ঠাকুরগাঁওয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, যাত্রীবোঝাই থ্রি-হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার থেকে উপজেলা শহরের দিকে যাচ্ছিল। কৈকিল্লা দিঘী এলাকায় পৌঁছালে পেছন থেকে আচমকা এসে দ্রুতগতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়।
তীব্র ধাক্কায় থ্রি-হুইলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশের ধানখেতে পড়ে যায়। দুর্ঘটনায় চালকসহ গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।
স্থানীয় লোকজনরা দ্রুত আহত ব্যক্তিদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাঁদের মধ্যে মাহমুদা ও তাঁর মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুরে এবং প্রমিলাকে ঠাকুরগাঁওয়ে পাঠানো হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে পালিয়ে যান চালক। পুলিশ জানায়, ট্রাকটি শনাক্ত করা হয়েছে।
