নাটোর: নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর ওষুধি গ্রাম সংলগ্ন একটি সড়কের পাশে বিশাল বড় ‘রয়েল বেঙ্গল টাইগার’ আকৃতির একটি বন্যপ্রাণী দেখা গিয়েছে।

এই ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গত রোববার সন্ধ্যার আগে আমিরগঞ্জ বাজারের পাশে একটি ভুট্টাক্ষেতের পাশ দিয়ে প্রাণীটিকে হেঁটে যেতে দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

শহিদুল্লাহ নামে এক যুবক দূর থেকে প্রাণীটির একটি ভিডিও ক্লিপ নেন।

শহিদুল্লাহ বলেন, ‘ভুট্টাক্ষেতের পাশ দিয়ে রয়েল বেঙ্গল টাইগার আকৃতির প্রাণীটি হেঁটে যাচ্ছিল। আমি মোবাইলে ভিডিও করার সময় প্রায় দেড় শ’ মানুষ জড়ো হয়ে ওইটিকে তাড়া করে। তখন প্রাণীটি ভুট্টাক্ষেতের ভেতরে ঢুকে পড়ে এবং আর সন্ধান মেলেনি।’

২২ সেকেন্ডের ভিডিওটি দেখে বাঘ বলেই মনে করা হচ্ছে। আর তার জেরে আতঙ্ক ছড়ায়, এলাকার বহু বাসিন্দা সন্ধ্যার পরে আর রাস্তায় বের হননি। পাশাপাশি গবাদিপশুর দিকেও নজরদারি শুরু হয়।

স্থানীয় বাসিন্দা নুরুজ্জামান হোসেন জানান, আতঙ্কে সবাই সতর্ক থাকছেন এবং শিশুদের বাড়ির বাইরে যেতে দিচ্ছেন না।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, শেয়াল বা কুকুরের থেকে অনেক বড় প্রাণীটি বাঘ বলেই মনে হচ্ছে।

তবে বন্যপ্রাণী বিশেষজ্ঞরা এটিকে বাঘ মানতে পারছেন না। রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, ‘নাটোর কৃষিনির্ভর জেলা এবং সুন্দরবন থেকে অনেক দূরে। এখানে রয়েল বেঙ্গল টাইগার আসার কোনো সুযোগ নেই। ভিডিও দেখে এটি একটি বড় আকৃতির শিয়াল মনে হয়েছে। এটি যদি বাঘ হতো, তবে মানুষকে দেখে পালিয়ে না গিয়ে আক্রমণ করত। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

তবে প্রাণীটি আসলেই কী, তা নিশ্চিত করতে বন বিভাগের পক্ষ থেকে তদন্ত করা হবে এবং ধারণা করা হচ্ছে এটি আশপাশের জলাভূমি বা ঝোপঝাড়ে আশ্রয় নিয়ে আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *