ঢাকা: ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে পালিত হয় জন্মাষ্টমী। এই উৎসব আনন্দ ও ভক্তির। প্রেম, ভক্তি, সত্য, কর্ম ও ধর্মের বার্তা দেন শ্রীকৃষ্ণ।

শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শুভেচ্ছা জানিয়েছেন দেশ এবং বিশ্বের সনাতনীদের।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এবং আনন্দমুখর উৎসব ‘জন্মাষ্টমী’ উপলক্ষে বাংলাদেশ সহ সারাবিশ্বের সনাতন ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

পঞ্জিকা অনুসারে, প্রতি বছর ভাদ্র মাসের নির্দিষ্ট তারিখে শ্রীকৃষ্ণের জন্মোৎসব হিসেবে প্রতি বছর এই পরম শুভদিনটি মহাসমারোহে পালিত হয়, আজ সেই পবিত্র শুভদিন।

সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র জন্মাষ্টমীর উৎসব বাংলাদেশের প্রতিটি সনাতন ধর্মাবলম্বী গভীর ভক্তি, প্রেম ও উচ্ছ্বাসের সাথে পালন করুন, এই আমার একান্ত প্রত্যাশা।

দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে যে রাষ্ট্রের জন্ম, সেই রাষ্ট্র আজ ধর্মান্ধ মৌলবাদীদের দখলে।

নির্বিচারে ও উল্লাসের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের ওপর নানারকম অত্যাচার-নির্যাতন চালানো হচ্ছে। এহেন ভীতিকর অবস্থায় জন্মাষ্টমীর মতো উৎসব উচ্ছ্বাসের সাথে পালন করার প্রত্যাশা সুদূর পরাহত।

শত প্রতিকূলতা সত্ত্বেও আমি বিশ্বাস করি, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভেতরের শুভবোধ, তা এখনও শেষ হয়ে যায়নি।

আমি আহ্বান জানাবো, আমাদের আপনজন সনাতন ধর্মাবলম্বীরা এই বাস্তবতা উপলব্ধি করবেন এবং শ্রীকৃষ্ণের আবির্ভাবের ঐতিহাসিক পটভূমি ও জন্মকথা থেকে গভীর শিক্ষা গ্রহণ করে অধিকার আদায়ে সোচ্চার হবেন।

বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় সকল মানুষের সমান অধিকারে বিশ্বাস করে বলেই আমি দৃঢ়ভাবে আশাবাদী যে, খুব শীঘ্রই সংকট কেটে যাবে এবং দেশের সকল মানুষ তাদের হারানো সকল অধিকার ফিরে পাবেন।

অতীতে আওয়ামী লীগ সরকার যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ধর্মীয়, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছিল, ভবিষ্যতেও আমরা তা নিশ্চিত করার মাধ্যমে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করার প্রত্যয় ঘোষণা করছি। এজন্য দেশবাসীর একান্ত সহযোগিতা কামনা করছি।

সনাতন ধর্ম অনুযায়ী, যখনই পৃথিবীতে অধর্ম বৃদ্ধি পেয়ে ধার্মিক ও সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে, তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্ম-রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতাররূপে ধরণীতে নেমে আসেন। আমি বিশ্বাস করি, আগামীর বাংলাদেশ হবে দুষ্টের দমন ও শিষ্টের পালনের বাংলাদেশ।

আমি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং মঙ্গল কামনা করি। শুভ জন্মাষ্টমী!

বাণীটি শেষ করেন জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *