ঢাকা: আজ বিদায়ের দিন, আজ বিষাদের দিন। এই বেদনা আসলে বাঙালি মায়েদের। মেয়ে বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় মায়ের যে অনুভূতি হয় মূলত উমার যাওয়ার সময় সেই অনুভূতিই হয় মর্ত্যবাসীর। উমাকে ঘরের মেয়ে রূপেই কল্পনা করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ, ২১ অক্টোবর।
এর মধ্য দিয়ে, সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হচ্ছে। আজকের দিনে দেবী দুর্গাকে বিসর্জন করবেন সনাতন ধর্মাবলম্বীরা।
উপাসনাকারীদের চোখের পানিতে ভাসিয়ে দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে ফিরে যাবেন কৈলাসে। মণ্ডপে মণ্ডপে বাজছে বিষাদের সুর। মণ্ডপগুলো শূন্য হয়ে গেছে।
আবার আগামি বছরের অপেক্ষা।
২০২৭ সালে মহালয়া পড়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৭ (বৃহস্পতিবার)
মহাষষ্ঠী: ৫ অক্টোবর ২০২৭ (মঙ্গলবার)
মহাসপ্তমী: ৬ অক্টোবর ২০২৭ (বুধবার)
মহাষ্টমী: ৭ ও ৮ অক্টোবর ২০২৭ (বৃহস্পতিবার ও শুক্রবার — দুই দিন)
মহানবমী: ৯ অক্টোবর ২০২৭ (শনিবার)
বিজয়া দশমী: ১০ অক্টোবর ২০২৭ (রবিবার)
ধর্মীয় বিশ্বাস ও শাস্ত্রীয় রীতি মেনে বিজয়া দশমী উদযাপিত হচ্ছে। সকালে দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জনের পর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এই উৎসবের আনুষ্ঠানিক যবনিকা টানা হবে।
শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার দেবী দুর্গার আগমন হয়েছিল ঘোটকে (ঘোড়া) চড়ে এবং তিনি কৈলাসে গমন করছেন নৌকায়।
ঢাকার ২৫৮টি মণ্ডপের প্রতিমা সুবিধাজনক স্থানীয় ঘাটে বিসর্জন দেওয়া হবে।
