রাঙামাটি: আজ ২৮ অক্টোবর, সপ্তম দিনেও সাজেক পর্যটন সড়কে বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে অবরোধ পালন করা হচ্ছে।
তবে এতে রোগী গাড়ি অ্যাম্বুলেন্স, সাংবাদিক, ধর্মীয় কাজে ভান্তে গাড়িসহ জরুরি সেবার জন্য কিছু যানবাহন আওতা মুক্ত রাখা হয়েছে!

সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে সপ্তম দিনের অবরোধ কর্মসূচি পালন করছেন অবরোধকারীরা।
অবরোধের কারণে সড়কটিতে যানবাহন চলাচল বন্ধ থাকায় স্থবির হয়ে পড়েছে সাজেক ভ্যালি।
দাবি মেনে না নিলে আন্দোলন আরো কঠিন করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সোমবার বিকালে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার সংসদ সদস্য এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাজেকের আন্দোলনকারী দুই সংগঠনের মধ্যে বৈঠক হলেও দাবি–দাওয়া নিয়ে সমঝোতা না হওয়ায় বৈঠক অমীমাংসিতভাবে শেষ হয়।
মোট ৫টি দাবির ৪টি দাবি প্রসঙ্গে সমঝোতা হলেও একটি অর্থাৎ যে দাবি ঘিরে এই রাজনৈতিক অস্থিরতা, সেটি নিয়ে সমঝোতা না হওয়ায় সমাধান আটকে গেছে।

সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহবায়ক বাবুধন চাকমা বলেন, সোমবার বিকালে প্রশাসনের সঙ্গে আমরা আলোচনায় বসেছিলাম। তবে আলোচনায় কোনো সমাধান হয়নি। প্রশাসন আমাদের পাঁচটি দাবির মধ্যে চারটি দাবি মানতে রাজি হলেও একটি দাবি মানতে কিছুটা সময় চেয়েছে। আমরা তাদের পাঁচ দিনের সময় দিয়েছিলাম।
কিন্তু প্রশাসন তা মানতে রাজি হয়নি বলে আলোচনা অমীমাংসিতভাবে শেষ হয়। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলমান থাকবে।
