ঢাকা: সরকারি হিসেবে হামে মৃত্যুর সংখ্যা ৫০০ ছুঁইছুঁই করছে। তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা কবেই ৫০০ পার করেছে!
নতুন তথ্য বলছে, হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে দুই শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর হামের উপসর্গে মারা গেছে ৯ শিশু।
এই সংখ্যা নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যু ৪৯৯–এ দাঁড়িয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৪১৪ শিশু আর হাম শনাক্ত হয়ে মারা গেছে ৮৫ শিশু।
তবে হামের উপসর্গ আর নিশ্চিত হাম একই। হামে মৃত্যু লুকনো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে হামের বিস্তৃত তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল আটটা থেকে আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত সময়ে এইসব শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদন বলছে, এ সময় সারা দেশে আরও ১ হাজার ২৬১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা হচ্ছে ৬০ হাজার ৫৪০।
