সাতক্ষীরা: সাতক্ষীরার কালিগঞ্জে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে দুইজন মারা গিয়েছেন। ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে।
আজ, মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এই করুণ ঘটনাটি ঘটে।
যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) আর স্কুলছাত্র আরাফাত সরদার (১৬)।
ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, বরেয়া গ্রামের আরিফুল ইসলামের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খুলতে ভেতরে নেমেছিলেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কিছুক্ষণ পর তিনি সেখানে পড়ে যান। ট্যাংকের ভেতরে অক্সিজেনের অভাবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মহানন্দকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করার জন্য ট্যাংকের ভেতরে নামে স্কুলছাত্র আরাফাত সরদার। পরে সেও মারা যায়।
সেপটিক ট্যাংকে এরকম অঘটনের খবর প্রায়ই পাওয়া যায়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, সেপটিক ট্যাংকে নেমে দুজনের মৃত্যুর ঘটনা তিনি শুনেছেন। এই বিষয়ে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
