ব্রাহ্মণবাড়িয়া: আবারো ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মালবাহী ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই প্রবাসী মারা গিয়েছেন।

শুক্রবার (১৫ মে) বিকেল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ট্রাকচাপায় যারা মারা গিয়েছেন তাঁরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের আলকাছ মিয়ার ছেলে জিয়াউল আমীন (২৫) এবং শাহেদ আলীর ছেলে শাহ আলম (৩০)।

জানা গেছে, জিয়াউল আমীন সৌদি আরব এবং শাহ আলম সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী ছিলেন।

সম্প্রতি তাঁরা দুইজন দেশে ফিরেছিলেন। সব আশা, স্বপ্ন শেষ হয়ে গেলো রাস্তায়।

পুলিশ জানায়, মোটরসাইকেলে আশুগঞ্জের দিকে যাচ্ছিলেন তাঁরা দুইজন। সোনারামপুর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি মালবাহী ট্রাক দুইজনকেই চাপা দেয়।

ঘটনাস্থলেই তাঁরা মারা যান। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ জানায়, ট্রাকটি জব্দ করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *