রাঙামাটি: অস্থিরতা তৈরি হয়েছে সাজেকে। জনগণ মারাত্মক অস্বস্তিতে। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে আজ ১ নভেম্বর দিনব্যাপী অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
গতকার শনিবার (৩১ অক্টোবর) ঘোষিত এই কর্মসূচি অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সাজেক সড়কে অবরোধ পালন করা হবে।
সাজেকে সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সশস্ত্র মহড়া আর পর্যটকদের জিম্মি করে হামলার অভিযোগের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
কমিটির অভিযোগ, গত ১১ অক্টোবর থেকে চলমান অবরোধের কারণে সাজেকের পর্যটন সড়ক ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সম্প্রতি ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সশস্ত্র মহড়া এবং ৩১ অক্টোবর দুপুরে সাজেক এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনার অভিযোগে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞপ্তিতে আরও অভিযোগ করা হয়, এসব ঘটনার পরও সরকারি প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সাজেক ও আশপাশের এলাকায় নিরাপত্তাহীনতা অব্যাহত রয়েছে।
কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবরোধের সময় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি এবং সংবাদকর্মীদের যানবাহন চলতে পারবে।
বলা যায়, রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে চলমান অবরোধ নিয়ে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং বৌদ্ধ ভিক্ষুদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যাতায়াতের সুবিধার জন্য রবিবার (১ নভেম্বর) ১২ ঘণ্টার জন্য অবরোধ শিথিলের ঘোষণা দিয়েছিলো ইউপিডিএফ-সমর্থিত সাজেক গণঅধিকার রক্ষা কমিটি।
টানা নয়দিন চলেছে অবরোধ। এতে মানুষের মরণদশা। যদিও এই একই দিনে সশস্ত্র তৎপরতার প্রতিবাদে পাল্টা নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
উল্লেখযোগ্য যে, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে গত ২২ অক্টোবর থেকে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ চলছে।
সাজেক থেকে সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করছে সংগঠন দুটি।
শুধু আজকের জন্য তাদের অবরোধ শিথিল ছিলো।
