ঢাকা: আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এই দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

এইসব কর্মসূচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তের ভিত্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দেশের সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে।

এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্ম এবং ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার বিষয়ে আলোচনা সভার আয়োজন করতে হবে।

এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ, শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর কুইজ প্রতিযোগিতাও হবে।

সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের সমস্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *