রাঙামাটি: উত্তপ্ত সাজেক। চলছে টানা অবরোধ কর্মসূচি।
তবে এবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচিতে ছাড় দেওয়া হয়েছে কৃষিপণ্য পরিবহণকারী যানবাহন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যান চলাচলে।
সাজেকের দুটি সংগঠনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান সড়ক অবরোধের আওতামুক্ত যানবাহনের তালিকায় নতুন করে যুক্ত করা হয়েছে কৃষিপণ্য পরিবহন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানবাহন।
আগামিকাল বুধবার (৪ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠন দুটির নেতারা বলেন, সাজেকের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষক ও কৃষিপণ্যের ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সাজেকবাসীর পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমা।
