চট্টগ্রাম: চট্টগ্রামের মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে দুই হাজার লিটারের ভলকানাইজিং ট্যাংক (গাড়ির চাকায় বাতাস দেওয়ার ট্যাংক) বিস্ফোরণ করেছে।
এতে ইউনুস (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এবং এই ঘটনায় গ্যারেজের মালিক ইমন হোসেনও আহত হয়েছেন। বিস্ফোরণে গ্যারেজসহ পাশের একটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে নয়টার দিকে মীরসরাই অর্থনৈতিক অঞ্চলের প্রবেশমুখে বড়তাকিয়া বাজারে।
স্থানীয়রা এই বিষয়ে জানান, গ্যারেজে থাকা হাওয়ার ট্যাংকিতে মেশিনের মাধ্যমে বাতাস দেওয়ার সময় আচমকা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এমন বিস্ফোরণের পর ট্যাংকিটি প্রায় ৫০ ফুট ওপরে উঠে যায়। মাটিতে পড়ে টুকরো হয়ে যায়। জিনিসপত্র তছনছ হয়ে যায়।
ঘটনার শব্দে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করে আসেন।
আহত ইউনুসকে বড়তাকিয়া রেডিয়েন্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়।
