ঢাকা: মানুষ আজকাল এআই ছাড়া কোনো কাজ করতে পারে না। বলা যায় এআই যেমন উপকার করছে, তেমনি মানুষকে অদক্ষও বানিয়েছে। কারণ মানুষের অর্ধেক কাজ এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই করে দিচ্ছে, শুধু তাকে বলতে হয়।
এবার এআই নির্ভরতা নিয়ে মজা করলেন ইলন মাস্ক।
একসঙ্গে কয়েকটি জনপ্রিয় এআই সেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে হঠাৎ করেই কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া কাজ করতে হয়েছে বহু ব্যবহারকারীকে। এহেন পরিস্থিতি নিয়ে রসিকতা করেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
ইন্ডিয়া টুডের একপ্রতিবেদন এই তথ্য জানায়।
বৃহস্পতিবার চ্যাটজিপিটি, ক্লদ এবং গ্রক—তিনটি জনপ্রিয় এআই প্ল্যাটফর্মেই সাময়িক কিছু বিভ্রাট দেখা দিয়েছিলো।
এতে অনেক ব্যবহারকারী এআই সাহায্য ছাড়াই কাজ করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান ধরনের মজার প্রতিক্রিয়া দেখা যায়। হাসি ঠাট্টা চলতে থাকে।
এর মধ্যেই একটি ভাইরাল ভিডিও শেয়ার করে মানুষের এআই-নির্ভরতা নিয়ে মজা করলেন মাস্ক।
সেই ভিডিওতে দেখা যায়, একটি ওরাংওটাং পাথর ব্যবহার করে পেরেক ঠোকার চেষ্টা করছে। কাঠমিস্ত্রির মতো কাজ করার চেষ্টা করলেও প্রাণীটিকে বেশ অদক্ষ এবং তালগোল পাকানো অবস্থায় দেখা যায়। ভিডিওটি শেয়ার করে মাস্ক লেখেন, ‘ভবিষ্যতের এআইয়ের চোখে মানুষ কোড লিখছে।’
অর্থাৎ, ভবিষ্যতে এআই এতটাই উন্নত হয়ে উঠতে পারে যে মানুষের নিজের হাতে কোড লেখার বিষয়টিকেই তারা অদক্ষ এবং পুরোনো পদ্ধতি হিসেবে দেখবে—এভাবেই রসিকতা করেন তিনি। যদিও রসিকতা, তবুও মারাত্মক বাস্তবতা এটি।
