কুষ্টিয়া: অত্যন্ত মর্মান্তিক ঘটনা কুষ্টিয়ায়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় রতন (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। কিসের জন্য? নাহ! ব্রাজিল হেরেছে এই জন্য!
তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকার হোসেন মিস্ত্রীর ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রতন নিজ কক্ষেই ছিলেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা জানালা দিয়ে উঁকি দিলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয়দের সাহায্যে দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কুমারখালী থানার তদন্ত কর্মকর্তা আমিরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
নিহত রতনের দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। ব্রাজিল হেরেছে তাই সংসারের সবাইকে রেখে তিনিও চলে গেলেন!
এই ঘটনা অত্যন্ত দুঃখের। শোকপ্রকাশ করেন অভিনেতা অপূর্ব।
শুধু শোক না, তিনি বলেছেন এইরকম ঘটনা কখনোই উচিৎ নয়।
ফেসবুকে তিনি লেখেন:
“ব্রাজিল হারায় কুষ্টিয়ার একটা ছেলে সুইসাইড করছে, রেখে গেছে দুই মাসের শিশুসন্তান। এই নিউজটা দেখে ভীষণ কষ্ট পেয়েছি। আপনারা খেলাকে বিনোদন হিসেবে নিন। এখানে হার জিত থাকবেই।
প্রিয় দল জিতলে ভালো লাগবে, হারলে খারাপ লাগবে। তবে সেটা জীবনের থেকে যেন বড় না হয়। কারন দিনশেষে এটা শুধুমাত্র একটা খেলা।
ট্রল খেলার অংশ। তবে অতিরিক্ত ট্রল, অপমান বা হেয় করাটাও বন্ধ করুন। আপনার কাছে এটা মজা হতে পারে, কিন্তু অন্য কারো জন্য সেটা মানসিকভাবে অনেক কষ্টের কারণ হতে পারে।
একটা দল হারলে আবার জিতবে, আজ ট্রফি না পেলে সামনে আবার পাবে। কিন্তু একটা জীবন চলে গেলে সেটা আর ফিরে আসে না।”
