ঢাকা: আজ ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে! দেশের প্রধান রপ্তানি আয়ের খাত তৈরি পোশাকশিল্প আজ যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, সেটা শুধু শ্রমিক-মালিকের বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই।

এর সঙ্গে জড়িয়ে আছে দেশের অর্থনীতি, আন্তর্জাতিক বাজারে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থানের প্রশ্ন।

১৪৭ তো মাত্র সংখ্যা। অথচ এর পেছনে হাজার হাজার কথা!

আন্দোলনরত শ্রমিকদের দাবি শোনা, মালিকপক্ষের সঙ্গে কার্যকর সংলাপ এবং একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর পরিবর্তে সরকারের আগ্রহ যেন বেশি ছিল আন্দোলনকে কীভাবে রাজনৈতিক ট্যাগ দিয়ে মোকাবিলা করা যায়, কীভাবে আন্দোলনকে নস্যাৎ করা যায়।

কিন্তু রাজনৈতিক তকমা দিয়ে শ্রমিকদের অসন্তোষ দূর করা যায় না।

ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যেই দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান এই কথা জানিয়েছেন।

শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

বিজিএমইএ সভাপতি জানান, শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।

তিনি বলেন, তৈরি পোশাক খাতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এতে কারখানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের প্রধান রপ্তানি আয়ের খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মাহমুদ হাসান খান বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা অব্যাহত থাকলে মজুরি বোর্ডে বেতন বৃদ্ধির আলোচনা চালানো কঠিন হয়ে পড়বে। তবে আগামীকাল রবিবার মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন।

শ্রমিক ফেডারেশনগুলোও চলমান পরিস্থিতি সামাল দিতে পারছে না বলে মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *