ঢাকা: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে দেখা দিয়েছে চরম অস্থিরতা। শ্রমিক অসন্তোষ, ভাঙচুরের আশঙ্কা এবং কারখানার নিরাপত্তাহীনতার কারণে দেশের পোশাক কারখানাগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে।

শ্রমিকদের আন্দোলনের অন্যতম প্রধান দাবি বেতন বৃদ্ধি। কিন্তু চলমান অস্থিরতার কারণে সেই দাবির বিষয়ে আলোচনা কার্যত বাধাগ্রস্ত হচ্ছে।

ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

এর মধ্যে রবিবার (১৫ নভেম্বর) ৬৫টি কারখানা শ্রম আইন অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকি ৫৬টিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তথ্য অনুযায়ী, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে ৬৫টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

এর আগে শনিবার (১৪ নভেম্বর) মালিকপক্ষ জানিয়েছিল, শ্রমিক আন্দোলনের কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব না হলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হতে পারে।

তবে উত্তপ্ত পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

তিনি বলেন, শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী যেসব মালিক কারখানা বন্ধ করেছিলেন, তাদের কেউ কেউ আবার উৎপাদন শুরুর বিষয়ে চিন্তাভাবনা করছেন।

মজুরি বাড়ানোর প্রস্তাব প্রসঙ্গে বিজিএমইএ সভাপতি জানিয়েছেন, সোমবার বোর্ডের কাছে মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়া হবে।

প্রসঙ্গত, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, বাংলাদেশের রপ্তানি আয়ের বড় একটি অংশ আসে তৈরি পোশাকশিল্প থেকে। এই শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে আছে লাখ লাখ মানুষের জীবন-জীবিকা।

বিশেষ করে গুরুত্বপূর্ণ উৎপাদন মৌসুমে এভাবে একের পর এক কারখানা বন্ধ থাকলে বিদেশি ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

আশঙ্কা রয়েছে ভুল বললাম, ভাবমূর্তির আর কী বাকি আছে? আর এর প্রভাব পড়তে পারে দেশের রপ্তানি আয় এবং সামগ্রিক অর্থনীতিতে।

শ্রমিকদের দিকটিও বিবেচনা করা জরুরি। বর্তমান বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধির দাবি তাঁদের জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। আবার কারখানাগুলো বন্ধ হয়ে গেলে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন সেই শ্রমিকরাই।

তাই এখানে মালিক ও শ্রমিক—কোনো পক্ষের স্বার্থকেই উপেক্ষা করার সুযোগ নেই।

সব পক্ষের উচিত দ্রুত আলোচনায় বসে একটি গ্রহণযোগ্য সমাধান বের করা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *