ঢাকা: ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। একের পর এক বন্ধ হচ্ছে কারখানা।
শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৪০টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রমিক অসন্তোষ, বিক্ষোভের কারণে ৪০টি কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় আরও ৫ থেকে ৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় কারখানা বন্ধ থাকলে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকর হয়। অর্থাৎ, এ ধারায় বন্ধের সময় সংশ্লিষ্ট শ্রমিকরা মজুরি পান না।
শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন, এভাবে কারখানা বন্ধ থাকলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে।
চলমান শ্রমিক অসন্তোষ এখন শুধু মজুরি দাবি বা কর্মবিরতির মধ্যে সীমাবদ্ধ নেই। তাঁদের জীবনের চলার পথ রোধ করা হচ্ছে।
একের পর এক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার ফলে হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের জীবিকা অনিশ্চয়তায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
শ্রম আইনের বিধান প্রয়োগের ফলে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়তে পারে।
প্রসঙ্গত, আশুলিয়া শিল্পাঞ্চল আবারও অশান্ত হয়ে উঠেছে। গত মঙ্গলবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে পুলিশ-শ্রমিকসহ অন্তত সাতজন আহত হন। শিল্পাঞ্চলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন রয়েছে।
