চট্টগ্রাম: কারখানার শ্রমিকদের অবস্থার কথা বলে বোঝানো যাবে না। বাস্তব জীবনে তাঁদের অবস্থা শোচনীয়। একদিকে তো কারখানা বন্ধ হয়েই গেছে, লাখ লাখ শ্রমিক বেকার অন্যদিকে যেগুলো খোলাও আছে সেগুলোতেও শ্রমিকরা বেতন পাচ্ছেন না।

চট্টগ্রাম নগরের আতুরের ডিপো এলাকায় বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইত্যাদি জিন্স কারখানার শ্রমিকরা।

বুধবার (১৯ আগস্ট) সকালে শ্রমিকরা আতুরের ডিপো এলাকার প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

বিক্ষোভের ফলে সড়কে যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্য যাত্রীদের ভোগান্তি হয়।

শ্রমিকরা অভিযোগ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা বকেয়া রাখা হয়েছে। বেতন না পেলে তাঁরা সংসার চালাবেন কীভাবে?

এ ছাড়াও শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবিও পূরণ করছে না কারখানা কর্তৃপক্ষ। বকেয়া বেতন পরিশোধসহ দাবিগুলো দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা সড়কে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।

শ্রমিকরা জানান, দ্রুত তাদের দাবি মেনে নিয়ে বকেয়া বেতন পরিশোধ করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন তারা।

এদিকে, শ্রমিকদের অবরোধের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *