বেনাপোল: ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে‌ গেছে। হঠাৎ এই সিদ্ধান্তে আমদানিকারকরা ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তিপত্র (এনওসি) বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে ২২ সেপ্টেম্বর ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করা হয়। এর পর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে।

কিন্তু হঠাৎ করে এরকম ইলিশ আমদানি বন্ধের নির্দিষ্ট কারণ মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়নি।

যদিও সংশ্লিষ্টদের ধারণা, আমদানি করা ভারতীয় ইলিশকে দেশীয় বা পদ্মার ইলিশ হিসেবে বিক্রি করা হচ্ছিলো। ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিলো।

এবং দেশীয় ইলিশ উৎপাদনে আগ্রহ বাড়াতে আমদানি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।

তবে আমদানিকারকেরা হঠাৎ ইলিশ আমদানির অনুমতিপত্র (আইপি) বন্ধ হয়ে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন।

বেনাপোলের ইলিশ আমদানিকারক সৈয়েদ মহিদুল হক রুবাই বলেন, ‘হঠাৎ আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’ তিনি বলেন, আমদানির উদ্দেশ্য ওপারে তাদের ক্রয়কৃত ইলিশ রাখা হয়েছিল। এখন কম দামে তা ফেরত দিতে হবে। এ ছাড়া আমদানি খরচের লোকশান তো রয়েছেই।

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ভারত থেকে বাংলাদেশে ১ হাজার ৭৩৯.৫০ টন ইলিশ আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।

এর মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৫৩৫ টন ইলিশ আমদানি হয়েছে।

১০৩টি অনাপত্তি সনদ বাতিলের পর অবশিষ্ট অনুমোদনের আওতায় ইলিশ আমদানি হবে কি না—সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *