ঢাকা: ভারতের শীর্ষ শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল আজ সোমবার, ১৭ আগস্ট ঢাকায় আসছে।

দুই দিনের সফর করবে প্রতিনিধিদলটি। বাংলাদেশের সরকারি নীতিনির্ধারক, শীর্ষ ব্যবসায়ী সংগঠন ও বিনিয়োগসংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই সফর হচ্ছে। যা কার্যতই বাংলাদেশের জন্য ভালো ফল আনবে বলে আশা করা যাচ্ছে।

ভারতের এই প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি।

জানা গিয়েছে, সফরকালে তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, বিদেশ বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (FBCCI) ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA)-এর সঙ্গে বৈঠক করবে।

প্রধানমন্ত্রীর তারেক রহমানের দিল্লি সফরের বিষয়টি যখন দোলাচলে তখন ভারতের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সফরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট সব মহল।

বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা খতিয়ে দেখার পাশাপাশি দুই দেশে বাণিজ্য সংক্রান্ত বিধিনিষেধগুলি প্রত্যাহারের বিষয়েও শিল্প সংস্থার প্রতিনিধিরা আলোচনা করবেন।

বিশেষ করে বিগত অন্তবর্তী সরকারের সময়ে ভারতের তরফে যেসব বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল তারেক রহমানের সরকার সেগুলি প্রত্যাহারের দাবি তুলেছে।

১৮ সদস্যের এই প্রতিনিধিদলে আছেন ভারতের বড় শিল্পপ্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

তাদের মধ্যে আছেন গোদরেজ ইন্ডাস্ট্রিজের গ্রুপ প্রেসিডেন্ট রাকেশ স্বামী, ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুচিত্রা কে এল্লা, দ্য ইনফ্রাভিশনের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা ট্রাস্টি বিনায়ক চ্যাটার্জি, অরবিন্দ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পরম শাহ এবং এলএমডব্লিউ গ্লোবালের প্রধান পরিচালন কর্মকর্তা পি জে রাজেশ।

এ ছাড়াও মাহিন্দ্রা গ্রুপের আঞ্চলিক প্রধান রাজেশ গুপ্ত, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টসের দক্ষিণ এশিয়া প্রধান কৃষ্ণা খাটোওয়ানি, ফোর্বস মার্শালের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) দীপক শর্মা এবং অ্যাপোলো হসপিটালসের গ্রুপ হেড (ইন্টারন্যাশনাল অপারেশনস) এম এস গুরু প্রসাদসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *