ঢাকা: ভারত-বাংলাদেশ সম্পর্ক যখন নতুন করে ঢেলে সাজানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, তখন উভয় দেশের বাণিজ্যিক সম্পর্কেও গতি এসেছে।

এরই ধারাবাহিকতায়, ভারতীয় কোম্পানি ‘লারসেন অ্যান্ড টুব্রো’ (Larsen & Toubro) বাংলাদেশের ঢাকা মেট্রো প্রকল্পের জন্য একটি বড় কাজ পেয়েছে।

ঢাকার (Dhaka) মেট্রোরেল লাইন-১ প্রকল্পের গুরুত্বপূর্ণ দু’টি সিস্টেম প্যাকেজের নকশা প্রণয়ন ও নির্মাণকাজের চুক্তি পেয়েছে ভারতের সংস্থা লারসেন অ্যান্ড টুব্রো (এলঅ্যান্ডটি)।

জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথভাবে সংস্থাটি রেলপথ নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ, সিগন্যালিং, টেলি যোগাযোগ ও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর স্থাপনের কাজ করবে।

এলঅ্যান্ডটির ঘোষণা অনুযায়ী, চুক্তি দু’টিকে তাদের বড় অঙ্কের প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জানা গিয়েছে, এটি বাংলাদেশি টাকায় সাড়ে ৬ হাজার কোটি টাকারও বেশি চুক্তি।

বাংলাদেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্প ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের লাইন-১-এর আওতায় তাদের পরিবহণ ব্যবসা বিভাগ এই দুটি কাজের চুক্তি পেয়েছে।

চুক্তি অনুযায়ী, এলঅ্যান্ডটি ও সুমিতোমো করপোরেশন পুরো রেলপথে ট্র্যাক নির্মাণ, বিদ্যুৎ সরবরাহ ও বিতরণ ব্যবস্থা, ট্র্যাকশন সাবস্টেশন, ওভারহেড ক্যাটেনারি সিস্টেম-সহ সংশ্লিষ্ট বৈদ্যুতিক পরিকাঠামোর নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, স্থাপন, পরীক্ষা ও চালুর কাজ করবে।

মঙ্গলবার এলঅ্যান্ডটি একটি বিজ্ঞপ্তি জারি করে জানায়, তাদের পরিবহণ ব্যবসা বিভাগ ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এই কাজের চুক্তি পেয়েছে।

এর আগে, এলঅ্যান্ডটি বাংলাদেশের প্রথম মেট্রো রেল করিডোর, ঢাকা মেট্রো লাইন ৬-এর জন্য সমন্বিত রেল ব্যবস্থা প্যাকেজের কাজ জিতেছিল এবং তা সরবরাহ করেছিল, যা বর্তমানে বাণিজ্যিকভাবে চালু রয়েছে।

এ বিষয়ে এলঅ্যান্ডটি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ট্রান্সপোর্টেশন ইনফ্রাস্ট্রাকচার বিভাগের প্রধান রামকুমার এস বলেন, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর কাছ থেকে বারবার অর্ডার পাওয়াটা বিশ্বব্যাপী বৃহৎ পরিসরের, সমন্বিত নগর গণপরিবহণ প্রকল্প বাস্তবায়নে এলঅ্যান্ডটি’র সক্ষমতারই প্রমাণ। সম্প্রতি ইন্দোনেশিয়ার জাকার্তা মেট্রোর কাজও পেয়েছে এলঅ্যান্ডটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *