ঢাকা: দেশটায় একের পর এক নাটক মঞ্চস্থ হচ্ছে। এদিকে জনগণের হাল বোঝার কেউ নেই।
এবার শুরু হবে ধর্মঘট। সারা দেশে দুই দিন ধর্মঘট পালনের ঘোষণা করেছে এলপি গ্যাস ট্রেডার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।
খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের সংগঠনটি জানিয়েছে, কোম্পানিগুলোর খেয়ালখুশিমতো দাম বাড়িয়ে দিচ্ছে, পুলিশি হয়রানি হচ্ছে, অযৌক্তিক জরিমানার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করতে চলেছেন।
এর ফলে ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ থাকবে।
সোমবার তথা ১২ অক্টোবর রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান।
উল্লেখযোগ্য যে, গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ২৫২ টাকা বাড়িয়ে ১৮৩৭ টাকা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
কিন্তু এর চাইতে অনেক বেশি দামে ভোক্তাদের গ্যাস কিনতে হচ্ছে। কোথাও কোথাও তো আবার গ্যাসই নেই।
সেলিম খান অভিযোগ করেন, সিলিন্ডার পরিবহনের গাড়িতে নিরাপত্তাবেষ্টনী থাকা বাধ্যতামূলক। এরপরও পুলিশ প্রায়ই এই কারণে ব্যবসায়ীদের নামে মামলা দেয় ও হয়রানি করে। সরকারি সংস্থাগুলোর কাছে বারবার আবেদন করেও এর কোনো প্রতিকার পাওয়া যায়নি।
এ ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জরিমানার সমালোচনা করেন তিনি।
জানান, খুলনা-বাগেরহাটে মাত্র ৪০টি অতিরিক্ত সিলিন্ডার মজুত রাখার অভিযোগে এক পরিবেশককে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। তার মালপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে।
এর মধ্যেই ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন বিক্রি বন্ধ রাখার এই ঘোষণা এলো।
