ঢাকা: সবজির দামে আগুন। এখনো দাম আগুন ঝরাচ্ছে।
বাজারে আগাম শীতের সবজি উঠলেও ক্রেতার স্বস্তি নেই। দাম শুনে পিছু হটছেন ক্রেতারা। প্রতি কেজি শিম ২০০ টাকা, টমাটো ২০০ টাকা।
এছাড়া বেশির ভাগ সবজির দাম ৭০ থেকে ১০০ টাকা বা তারও ওপরে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছের দামও। এর সঙ্গে বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও প্যাকেটজাত চিনি।
সব মিলিয়ে নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দামে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।
তবে কিছুটা স্বস্তি ফিরেছে ব্রয়লার মুরগির দামে। গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে মুরগিটির দাম।
রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে, ডিমের দাম এখনো উচ্চ পর্যায়ে স্থিতিশীল রয়েছে। চালের বাজারেও গত সপ্তাহের তুলনায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর কয়েকটি বাজারে এই চিত্র দেখা গেছে।
বিক্রেতারা আশা করছেন, শীতের সবজি বাজারে আসতে শুরু করলে ধীরে ধীরে সবজির দাম কমবে।
