ঢাকা: রান্নার অন্যতম নিত্যপ্রয়োজনীয় উপাদান কাঁচা মরিচের দাম রাজধানীর বাজারে হঠাৎ বেড়ে কেজিপ্রতি ৩২০ থেকে ৩৬০ টাকায় পৌঁছেছে, কোথাও কোথাও ৪০০! যা গত সপ্তাহে ছিল প্রায় ২০০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যার জন্য উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহ কমেছে।
পাশাপাশি ভারত থেকে আমদানি বন্ধ থাকায় বাজারে চাপ আরও বেড়েছে।
রাজধানীর কারওয়ান বাজার, রায়ের বাজার ও মোহাম্মদপুর টাউনহল বাজারে এই আগুন দামই দেখা গেছে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আড়তেই বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। এ পরিস্থিতিতে কাঁচা মরিচ আমদানির ওপর বিদ্যমান কর কমানো এবং আমদানির অনুমতি দিয়েছে সরকার।
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, আজ, সোমবার থেকেই আমদানি শুরু হবে এবং আগামি দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।
রবিবার রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান কৃষিমন্ত্রী। বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে তাঁর সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এই সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী বলেন, কাঁচা মরিচের সরবরাহ বাড়িয়ে বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং আমদানি কার্যক্রম শুরু হবে।
আমদানির ওপর বিদ্যমান করও কমানো হচ্ছে। ফলে কয়েক দিনের মধ্যেই বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
