ঢাকা: এখন একটি মাল্টা ১০০ টাকা, একটি ডাব ১৫০-২২০। ডেঙ্গু বাড়ছে, বাড়ছে ফলের চাহিদা এবং পাল্লা দিয়ে বাড়ানো হচ্ছে দাম। রোগীরা পথ্য কিনে খাবে কীভাবে?
ঢাকার বাজারে মাল্টা ও কমলা প্রায় ৪৫০ – ৮০ টাকা, আপেল ৩৮০ – ৫২০ টাকা এবং আঙুর ৪৮০ – ৫৫০ টাকা কেজি। ফলে মধ্যবিত্তের জন্য নিয়মিত ফল খাওয়া কঠিন হয়ে পড়ছে।
এই যে দামগুলো, তার থেকে এক টাকাও কম করা হচ্ছে না। সোজা বিক্রেতারা বলে দিচ্ছেন দাম কমানো যাবে না।
ধনীরা তো দুটো ফল কিনে খেতে পারবে, গরীবরা কী করবে? মরো, কার কী?
বাজারে দেশীয় কিছু কিছু ফল আছে বটে। পাকা পেঁপে, পেয়ারা, জাম্বুরা, আমড়া, সবুজ মাল্টা ইত্যাদি। সেগুলোর দামও কিন্তু কম নয়। ভালো মানের পাকা পেঁপের কেজি ১২০ টাকার মতো হবে। মাঝারি আকারের একটি পেঁপে কিনতে লাগছে ১৫০ টাকার বেশি।
এই বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, কয়েক সপ্তাহ ধরে ফলের অত্যধিক উচ্চ মূল্যের কারণ চাহিদা বেড়ে যাওয়া। চাহিদা বৃদ্ধির কারণ হলো ডেঙ্গু। চিকিৎসকেরা ডেঙ্গু আক্রান্ত রোগীকে মাল্টা, কমলাসহ বিভিন্ন ফলের রস খেতে বলেন। ফলে বাজারে বাড়িয়ে দেয়া হয়েছে দাম। রোগের সুযোগের সদ্ব্যবহার !
ডেঙ্গুতেও মরো, না খেয়েও মরো।
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ১৮৪ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ হাজার ৯৭২ জন।
