ঢাকা: বিশ্বকাপ জ্বর তো আছেই দেশে, আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ–তার উপর আসছে সবচেয়ে বড় বাজেট। আকার বড়, থাকছে করের হারে ওঠা নামা। বাড়বে বিলাসী পণ্যের দাম।
তবে মূল্যস্ফীতি ঠেকাতে কতটুকু কী হয় সেদিকেই তাকিয়ে আছে জনগণ!
এই সরকারের প্রথম বাজেট। বিএনপি সরকার শেষ বাজেট দিয়েছিল ২০০৬ সালের ৮ জুন। দিয়েছিলেন সেসময়ের অর্থমন্ত্রী সাইফুর রহমান। সেবারের বাজেটের আকার ছিল ৬৮ হাজার কোটি টাকার বেশি।
এবার বাজেট দেবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। দেশের ইতিহাসে এটাই হবে সবচেয়ে বড় বাজেট। যার আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।
জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সরকারের লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।
দেখা যাক, কতটুকু এগোয়!
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানবসম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
