ঢাকা: আবারও অশান্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়ার পোশাক শিল্পাঞ্চল।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবির বিষয়ের এখনো কোনো সুরাহা নেই। বিভিন্ন কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে শনিবার অর্ধশতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ ছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে ১১টি কারখানা আর নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও দু’টি কারখানায়।
এই হুলুস্থুলে মোক্ষম ক্ষতির মুখে পড়েছেন শ্রমিকরা! তাঁরা আন্দোলন করছেন নিজেদের দাবি নিয়ে, কিন্তু তারাই ক্ষতির মুখে পড়ছেন। তাঁদের ক্ষতি দেখার কেউ নেই।
শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিতে প্রবেশ করলেও উৎপাদনকাজে অংশ না নিয়ে কারখানার ভেতরে অবস্থান নেন। তারপর কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, ‘আশুলিয়ার বেশ কয়েকটি পোশাক কারখানা সকাল ৭টার দিকে চালু হয়। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বসে থাকেন। মালিকপক্ষ শ্রমিকদের দিয়ে কয়েক ঘণ্টা অতিরিক্ত কাজ করিয়ে নেওয়ার চিন্তা করেছিল। কিন্তু শ্রমিকদের কর্মবিরতির মুখে ওই এলাকার অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।’
